এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশে হুয়াওয়ের প্রযুক্তি
দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল সহজে এসএমএসের মাধ্যমে জানাতে টেলিটককে এসএমএস প্রযুক্তি সমাধান দিচ্ছে হুয়াওয়ে। এই সুবিধাজনক ডিজিটাল সমাধানের মাধ্যমে ফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল পেতে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম লিখে আবার একটি স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল (২০২০) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (এসএসসি<স্পেস> বোর্ডের নাম<স্পেস> রোল নম্বর<স্পেস> সাল)।
কিছু দিন আগে, টেলিটক এর ফেসবুক পেজ থেকে এ ডিজিটাল সমাধানটি দেয়ার জন্য হুয়াওয়ে ধন্যবাদ জানায়। ফেসবুক পোস্টে টেলিটক জানায়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রকাশের জন্য টেলিটক সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। লাখো শিক্ষার্থী যাতে স্বল্পতম সময়ে পরীক্ষার ফল জানতে পারে সেজন্য টেলিটকের এসএমএস প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তায় আমরা হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের কারিগরি দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি অসাধারণ এক অভিজ্ঞতা।’
এ নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) জেরি ওয়াং বলেন, ‘বেটার কানেক্টেড ইন্টেলিজেন্ট বাংলাদেশ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য। এক্ষেত্রে, আমাদের উদ্ভাবনী সমাধানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শর্ট মেসেজিং সার্ভিস সেন্টার সল্যুশন বিপুল সংখ্যক ফল প্রত্যাশীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করেছে, এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং দেশটির মানুষ সুস্থ ও নিরাপদে থাকবে।’